কাতালোনিয়া রেডিওর অনুষ্ঠান ‘টট কোস্তা’র তথ্য অনুযায়ী, আয়মেরিক লাপোর্তের প্রতিনিধিরা বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কাছে ক্লাবটিতে যোগ দেওয়ার ইচ্ছা জানিয়েছেন। দুই পক্ষের যোগাযোগটি ডালাসের একটি হোটেলে হয়।

ডালাসেই লাপোর্তের প্রতিনিধিদের সঙ্গে লাপোর্তার বৈঠক হয়। বিশ্বকাপের স্পেন ও ফ্রান্সের সেমিফাইনাল মাঠে বসে দেখার জন্য তখন বার্সা সভাপতি সেখানে গিয়েছিলেন।
লাপোর্তের ঘনিষ্ঠদের ভাষ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী এই বাঁ-পায়ের সেন্টার-ব্যাকের অ্যাথলেটিক বিলবাও ছাড়া খুব কঠিন হবে না। তাঁর চুক্তিতে ১ কোটি ৫০ লাখ ইউরোর রিলিজ ক্লজ রয়েছে, যে অঙ্কটি বার্সার সামর্থ্যের মধ্যে বলে মনে করা হচ্ছে।
এই যোগাযোগে লাপোর্তা প্রথমে ধন্যবাদ জানান। বার্সার জবাব ছিল, ক্লাব লাপোর্তেকে পছন্দ করে; তবে দলবদল বাজারের বর্তমান পর্যায়ে তাদের অন্য গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিতে হবে, যার প্রধানটি হলো সেন্টার ফরোয়ার্ড নেওয়া। বার্সা আরও জানায়, আগামী কয়েক দিনের মধ্যে তারা লাপোর্তের পক্ষের সঙ্গে আবার যোগাযোগ করবে।
তবে বার্সা সেন্টার-ব্যাক বিভাগ শক্তিশালী করার বিপক্ষে নয়। পদক্ষেপ নেওয়ার আগে ক্লাবকে বর্তমান সেন্টার-ব্যাকদের একজনকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে হবে; দলবদল বাজারে উপযুক্ত প্রস্তাব আসে কি না, তার ওপর সেটি নির্ভর করবে।