স্পেনীয় মিডিয়া মার্কার খবর, আগামী কয়েক ঘণ্টায় কোনো চমক না থাকলে আগিরে আগামী সপ্তাহ থেকে ভ্যালেন্সিয়ার নতুন প্রধান কোচ হবেন। দুই পক্ষ এক বছরের চুক্তি করেছে, এ মেক্সিকান কোচ দলকে অবনমন এড়াতে পারলে নবায়নের অপশন থাকবে।

আগিরে এখন স্পেনে নেই, তাঁর বর্তমান বাস মেক্সিকোতে, তবে মাদ্রিদে এখনও তাঁর বাড়ি আছে। জানা যায়, চুক্তির মূল বিষয়ে দুই পক্ষ একমত, শুধু কিছু খুঁটিনাটি ও স্বাক্ষর বাকি। এ খুঁটিনাটিতে আছে, আগিরে চুক্তির প্রথম মৌসুমে দলকে অবনমন এড়ালে ভ্যালেন্সিয়া তাঁকে অতিরিক্ত এক বছরের চুক্তি দিতে পারে।
ভ্যালেন্সিয়া স্পোর্টিং ডিরেক্টর ব্রাউলিও ভাস্কেসের শুরুর পরিকল্পনা ছিল: আগে এক মৌসুমের চুক্তি, অবনমন এড়ানোর চেয়ে উঁচু লক্ষ্য পূরণ হলে নবায়নের অপশন। আলোচনার সুর ও দুই পক্ষের চুক্তি করার ইচ্ছা দেখে এ শর্ত চূড়ান্ত স্বাক্ষরের বাধা হবে বলে মনে হয় না।
অন্য খুঁটিনাটির মধ্যে আছে, আগিরে নিজের ফিটনেস কোচ পোল ইয়োরেন্তেকে সঙ্গে ভ্যালেন্সিয়ায় নিতে চান, কিন্তু পোলকে মেক্সিকোর নতুন প্রধান কোচ রাফা মার্কেস এখনকার কোচিং স্টাফে নিয়েছেন, তাঁকে আগে ছাড়তে হবে।
সবকিছু নিশ্চিত হলে এটা হবে লা লিগায় আগিরের সপ্তম কোচিং অধ্যায়, তিনি আগে ওসাসুনা, আতলেতিকো, এস্পানিওল, সারাগোসা, লেগানেস ও মায়োর্কা কোচ করেছেন।